মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা আজ (রবিবার) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।সভায় খুলনার বিভাগীয় কমিশনার বলেন, বাল্যবিবাহ রোধে সরকারি-বেসরকারি উভয় দপ্তরকে সমন্বিত ভাবে কাজ করতে হবে।বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচার-প্রচারণা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, কোনো জেলায় বাল্যবিবাহ সংঘটিত হলে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর ও জেলা প্রশাসনকে অবহিত করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক সভার আয়োজন করতে হবে। পাশাপাশি মসজিদের ইমামরাও বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সভায় জানানো হয়, বাল্যবিবাহ প্রতিরোধে টোল-ফ্রি হটলাইন ১০৯, ৯৯৯ ও ১০৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে। গত তিন মাসে খুলনা বিভাগের ১০ জেলায় ১৭৪টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ছাড়া এ সময়ে ৫৪৩টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, খুলনা বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা অংশ নেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||