মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি খুলনা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, দেশের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শিক্ষার কোনো বিকল্প নেই। নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং তা আদায় করার ক্ষেত্রেও শিক্ষার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের একটি উল্লেখযোগ্য অংশ নিরক্ষর। সাক্ষরতার হার বাড়াতে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল, উপবৃত্তি, শিক্ষা সামগ্রীসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি শিক্ষার্থীদের সময়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন ভাষায় দক্ষতা অর্জনেরও আহ্বান জানান তিনি।খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনিছুজ্জামান ও জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান।আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||