মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

‘নজরুল বর্ষ’ ২০২৬-২৭ উদযাপনের লক্ষ্যে খুলনায় প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা বাঙালি সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। ‘নজরুল বর্ষ’ উদযাপনের মাধ্যমে কবির সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এ আয়োজনকে সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিত ভাবে কাজ করতে হবে।
সভায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত কাজী নজরুল ইসলামের গান, কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য সাহিত্য কর্মের মাসিক থিমভিত্তিক খসড়া ক্যালেন্ডার কার্যক্রমের ওপর বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সভায় খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নজরুল গবেষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বছর ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ, বাস্তবায়ন এবং কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সাংস্কৃতিক অবদান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||