মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর লবণচরা থানাধীন আশিবিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় পৃথক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে গত আট দিনে খুলনা ও আশপাশের এলাকায় পাঁচটি হত্যাকাণ্ড এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
নিহতরা হলেন আশিবিঘা কালভার্ট এলাকার খোকন সানার ছেলে মঞ্জুরুল ইসলাম এবং মনির শেখের ছেলে নাজমুল ইসলাম।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রথমে মঞ্জুরুল ইসলামকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এর কয়েক ঘণ্টা পর একই এলাকায় নাজমুল ইসলামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল মঞ্জুরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মঞ্জুরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা খোকন সানার ছেলে। তিনি স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন। স্বজনদের দাবি, মঞ্জুরুলের সঙ্গে কারও কোনো পূর্বশত্রুতা ছিল না। এলাকায় ভালো ছেলে হিসেবেই তার পরিচিতি ছিল।
স্বজনরা জানান, মঞ্জুরুল আগে পড়াশোনা করতেন। পরিবারের আর্থিক অনটনের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরে বাবার সঙ্গে স্যানিটারি কাজ শুরু করেন। বুধবার তিনি কাজে যাননি। সন্ধ্যায় এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
ছেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে মঞ্জুরুলের বাবা খোকন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান।
সেখানে ছেলের মৃত্যুর খবর শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন। স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
এদিকে, মঞ্জুরুল ইসলাম হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই একই এলাকায় নাজমুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। নাজমুলের বাবার নাম মনির শেখ। তবে কী কারণে এবং কারা তাকে গুলি করেছে, তাৎক্ষণিক ভাবে তা জানা যায়নি।
অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় পরপর দুই যুবক হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন বলেন, আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে ফুটবল খেলা হয়। সেখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
খুলনা সদর থানার সহকারী পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, লবণচরা এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজনের মরদেহ সিআইডির টিম ঘটনাস্থলে আসার পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ক্ষোভ প্রকাশ করে খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, খুলনা শহরে এখন আতঙ্ক বিরাজ করছে। অবিলম্বে খুলনাকে সন্ত্রাসকবলিত ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে বিশেষ বাহিনী মোতায়েন করতে হবে। সন্ত্রাসীদের তালিকা করে গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করতে হবে। অভিযান চালিয়ে সন্ত্রাসীদের মধ্যে ভীতি সৃষ্টি করতে পারলেই খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
গত আট দিনে আরও চার হত্যাকাণ্ড ও একজন গুলিবিদ্ধ
এর আগে গত ১৮ আগস্ট মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে রূপসা উপজেলার নৈহাটী গ্রামের প্রতিবন্ধী স্কুলের সামনে মামুন মীর (৩৫) নামে এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা। তিনি বাগমারা গ্রামের মৃত নিয়ামত আলী মীরের বড় ছেলে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
একই দিন ১৮ আগস্ট দুপুর পৌনে ২টার দিকে নগরীর রায়েরমহল বাজারের বড় মসজিদের পাশের বাসিন্দা হাসান গাজীর চার বছরের মেয়ে মিমকে অপহরণের চেষ্টা করার অভিযোগ ওঠে রাজু (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। স্থানীয়রা তাকে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। নিহত রাজু ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে।
এর আগে গত ১৫ আগস্ট রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল শহীদের মোড়ে আকতার ঢালীর ছেলে জয় ঢালীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এছাড়া গত ১১ আগস্ট দিবাগত রাতে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের মোমিন উদ্দিনের ছোট ছেলে ফখরুল ইসলাম (৩২) তাদের ব্যবসাপ্রতিষ্ঠান রূপসা ব্রিকসের কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় হত্যাকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে ইব্রাহিম কাটাপ্পা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মাত্র আট দিনের ব্যবধানে একের পর এক হত্যাকাণ্ড ও গুলির ঘটনায় খুলনার বিভিন্ন এলাকায় উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। দ্রুত এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||