মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :
[caption id="attachment_10100" align="alignnone" width="1024"]
খুলনায় চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল ফাঁদে আহত বাঘিনী।[/caption]
খুলনা সিটি কর্পোরেশনের বয়রা অঞ্চলে অবস্থিত বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে সুস্থ হয়ে সুন্দরবনে ফিরল ফাঁদে আহত বাঘিনী।
উল্লেখ্য সুন্দরবনে হরিন শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে গুরুতর আহত হওয়া একটি বাঘিনী দীর্ঘ ছয় মাসের চিকিৎসা ও নিবিড় পরিচর্যা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাস সুন্দরবনে ফিরে গেছে।
রবিবার (১২ জুলাই) দুপুর ১টা ৫ মিনিটে সুন্দরবন পূর্ব বনবিভাগের আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্রসংলগ্ন বনাঞ্চলে বাঘিনীটিকে অবমুক্ত করা হয়। বন বিভাগের কর্মকর্তারা আশা করছেন, সুস্থ হয়ে ওঠা বাঘিনীটি এখন স্বাভাবিক ভাবে সুন্দরবনের পরিবেশে বিচরণ ও শিকার করতে সক্ষম হবে।
বন বিভাগ জানায়, গত ৩ জানুয়ারি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শরকির খাল এলাকার বনাঞ্চলে হরিন শিকারিদের পেতে রাখা ছিটকা ফাঁদে আটকা পড়ে বাঘিনীটি গুরুতর আহত হয়। পরদিন ৪ জানুয়ারি বন বিভাগের সদস্যরা ট্রাঙ্কুইলাইজার গান ব্যবহার করে প্রাণীটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য খুলনা সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত বয়রায় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়।
ফাঁদের রশিতে দীর্ঘ সময় আটকে থাকায় বাঘিনীটির সামনের বাঁ পায়ে গভীর ক্ষতের সৃষ্টি হয় এবং সেখানে পচন ধরে। পুনর্বাসন কেন্দ্রে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল নিয়মিত চিকিৎসা, পরিচর্যা ও পর্যবেক্ষণের মাধ্যমে বাঘিনীটিকে সম্পূর্ণ সুস্থ করে তোলেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী গণমাধ্যমকে জানান, শিকারিদের পাতা রশির ফাঁদে আটকে টানাটানির ফলে বাঘিনীটির সামনের বাঁ পায়ের প্রায় তিন ইঞ্চি অংশের চামড়া, মাংসপেশি ও শিরা ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সেখানে পচন ধরেছিল। দীর্ঘ চিকিৎসার পর বাঘিনীটি এখন সম্পূর্ণ সুস্থ। তার ওজন বেড়েছে, ক্ষিপ্রতাও ফিরে এসেছে। পর্যবেক্ষণে দেখা গেছে, সে এখন স্বাভাবিক ভাবে শিকার ধরে খেতে সক্ষম।
বাঘিনীটির বয়স আনুমানিক ৯ থেকে ১০ বছর।
তিনি আরও জানান, গত ২১ মে বাঘ গবেষক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের নিয়ে বন বিভাগের আয়োজনে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, জুলাই মাসে বাঘিনীটিকে যেখান থেকে উদ্ধার করা হয়েছিল, সেই এলাকার বনেই অবমুক্ত করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী রবিবার আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্রসংলগ্ন বনাঞ্চলে বাঘিনীটিকে অবমুক্ত করা হয়।
বন বিভাগের কর্মকর্তারা এই প্রতিবেদক কে জানিয়েছেন, দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর বাঘিনীটি সম্পূর্ণ সুস্থ হওয়ায় তাকে তার স্বাভাবিক আবাসে ফিরিয়ে দেওয়া হয়েছে। তারা আশা করছেন, সুন্দরবনের এই রয়েল বেঙ্গল টাইগারটি আবারও বনাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||