মো. আল মাসুম খান, ব্যুরো চিফ খুলনা :

খুলনায় বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠান কেএফসি, ডমিনো'স ও বাটা এর শোরুমে হামলা-ভাঙচুর ও বিভিন্ন তৈরি করা খাবার, বিভিন্ন ধরনের জুতা, স্যান্ডেল,চামড়ার ব্যাগ লুটপাটের ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দায়ের হওয়া তিনটি মামলায় অজ্ঞাত প্রায় ২ হাজার ৯০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। উল্লেখ্য সোমবার রাতে আটক ৩১ জনকে আজ বুধবার তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বাটা শোরুমের ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ম্যানেজার তৌহিদুল ইসলামের দায়ের করা মামলায় ১২০০-১৩০০ জন, কেএফসি ম্যানেজার সুজন মণ্ডলের মামলায় ৭০০-৮০০ এবং ডোমিনোজ পিৎজার ম্যানেজার শামসুল আলমের দায়ের করা মামলায় আরও ৭০০-৮০০ জনকে আসামি করা হয়েছে। পৃথক তিনটি মামলায় বাদি তাদের এজাহারে নিজ প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, সম্পদ ও অর্থ লুটপাটের পাশাপাশি কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেছেন। তিনি জানান, প্রতিষ্ঠানের কাছে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা, একাধিক গোয়েন্দা সংস্থার দেয়া তথ্য ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে অন্য ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করে আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে। এছাড়া সোমবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে যে ৩১ জনকে আটক করা হয়েছিলো পৃথক তিনটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। উল্লেখ্য সোমবার সন্ধ্যায় ফিলিস্তিনি জনগণের পক্ষে ইসরাইল বিরোধী বিক্ষোভ থেকে একদল লোক লুটপাটের উদ্দেশ্যে নগরীর ডাল মিলের মোড়ে অবস্থিত কেএফসি, ডমিনোজ পিৎজা ও শিববাড়ি মোড়ে অবস্থিত বাটার শোরুমে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||