মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি মানুষের হৃদরোগ চিকিৎসার অন্যতম প্রধান ভরসা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা থাকলেও আধুনিক ও পূর্ণাঙ্গ কার্ডিয়াক অবকাঠামোর ঘাটতির কারণে জটিল হৃদরোগের চিকিৎসায় এখনো নানা সীমাবদ্ধতা রয়েছে। বিশেষ করে কার্ডিয়াক সিসিইউতে জীবন রক্ষাকারী সরঞ্জামের সংকট নতুন করে প্রশ্ন তুলেছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কবে গড়ে উঠবে একটি পূর্ণাঙ্গ বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা কেন্দ্র।
১৪ শয্যার কার্ডিয়াক সিসিইউতে হার্ট অ্যাটাক, কার্ডিওজেনিক শক, হার্ট ফেইলিউরসহ গুরুতর হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হয়। এসব রোগীর ক্ষেত্রে নরঅ্যাড্রিনালিন, ডোপামিন, ডোভুটামিন বা লিভোফেডের মতো শক্তিশালী ওষুধ নির্দিষ্ট মাত্রা ও গতিতে শরীরে প্রয়োগ করতে হয়। এ জন্য সিরিংগ পাম্পের মতো নির্ভুল ওষুধ প্রয়োগের যন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রয়োজনের তুলনায় সিরিংগ পাম্পের ঘাটতি থাকায় সংকটাপন্ন রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ রয়েছে।
কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. মোস্তফা কামাল বলেন, ১৪ শয্যার সিসিইউতে প্রয়োজনীয় সংখ্যক সিরিংগ পাম্প থাকা জরুরি। যন্ত্রপাতির সংকটের বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। সংকটাপন্ন রোগীর ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাত্রায় ওষুধ প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।
সিসিইউতে কর্মরত নার্সদের ভাষ্য, হৃদরোগের মুমূর্ষু রোগীর ক্ষেত্রে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। রোগীর হৃদস্পন্দন, রক্তচাপ, অক্সিজেনের মাত্রা ও অন্যান্য শারীরিক পরিবর্তন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে হয়।
প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা নিয়ে তাঁরা দায়িত্ব পালন করলেও আধুনিক যন্ত্রপাতি পর্যাপ্ত থাকলে রোগীর চিকিৎসা আরও নিরাপদ ও কার্যকর করা সম্ভব।
হাসপাতালের কার্ডিওলজি বিভাগে কর্মরত চিকিৎসকদের ওপর রোগীদের আস্থা রয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞরা হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ, হার্ট ফেইলিউর, কার্ডিওজেনিক শকসহ বিভিন্ন জটিল হৃদরোগের চিকিৎসা দিয়ে আসছেন।
রোগী ও স্বজনদের বক্তব্য, চিকিৎসকদের দক্ষতা ও আন্তরিকতার ঘাটতি তাঁরা দেখেননি; বরং চিকিৎসকদের সক্ষমতার সঙ্গে আধুনিক প্রযুক্তি ও অবকাঠামো যুক্ত হওয়াই এখন সবচেয়ে জরুরি।
এক রোগীর স্বজন বলেন, চিকিৎসকেরা আন্তরিক ভাবে চিকিৎসা দেন। কিন্তু রোগীর অবস্থা জটিল হলে যদি প্রয়োজনীয় পরীক্ষা বা বিশেষায়িত চিকিৎসা এখানে না পাওয়া যায়, তখন অন্যত্র নিতে হয়। এতে সময় ও অর্থ দুটোই বেশি লাগে।
আরেক রোগীর স্বজনের ভাষ্য, হৃদরোগের ক্ষেত্রে সময় নষ্ট করার সুযোগ নেই। খুলনায় যদি জরুরি হৃদরোগের সব চিকিৎসা এক জায়গায় পাওয়া যায়, তাহলে রোগী ও পরিবারের জন্য সেটি বড় স্বস্তির বিষয় হবে।
চিকিৎসা সংশ্লিষ্টদের মতে, বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা বলতে শুধু একটি সিসিইউ বা কয়েকটি আধুনিক মেশিন বোঝায় না। এর সঙ্গে প্রয়োজন সমন্বিত একটি পূর্ণাঙ্গ কার্ডিয়াক ব্যবস্থা। যেখানে রোগী জরুরি বিভাগে আসার পর দ্রুত ইসিজি ও প্রয়োজনীয় পরীক্ষা, এরপর নিবিড় পর্যবেক্ষণ, প্রয়োজনে ক্যাথ ল্যাবে জরুরি এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি, স্টেন্ট স্থাপন, পেসমেকার এবং প্রয়োজন অনুযায়ী কার্ডিয়াক সার্জারি পর্যন্ত একই প্রতিষ্ঠানে পেতে পারেন।
একটি আধুনিক কার্ডিয়াক সিসিইউতে প্রতিটি শয্যার সঙ্গে উন্নত কার্ডিয়াক মনিটরিং ব্যবস্থা, অক্সিজেন, সাকশন, সিরিংগ ও ইনফিউশন পাম্প, ডিফাইব্রেলেটর, ভেন্টিলেটর এবং অন্যান্য জীবনরক্ষাকারী সরঞ্জাম থাকা প্রয়োজন। পাশাপাশি ২৪ ঘণ্টা প্রশিক্ষিত চিকিৎসক, কার্ডিওলজিস্ট, নার্স ও টেকনিক্যাল টিমের সমন্বিত সেবা নিশ্চিত করতে হয়।
বিশ্ব মানের হৃদরোগ চিকিৎসার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো পূর্ণাঙ্গ ক্যাথেটারাইজেশন ল্যাব বা ক্যাথ ল্যাব। এর মাধ্যমে হৃদ্যন্ত্রের রক্তনালির ব্লক শনাক্ত করতে এনজিওগ্রাম করা হয় এবং প্রয়োজন হলে দ্রুত এনজিওপ্লাস্টি ও স্টেন্ট স্থাপন করা যায়। বিশেষ করে হার্ট অ্যাটাকের রোগীর ক্ষেত্রে দ্রুত এই চিকিৎসা দেওয়ার সুযোগ জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এর পাশাপাশি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থায়ী ও অস্থায়ী পেসমেকার বসানোর পূর্ণাঙ্গ সুবিধা প্রয়োজন। হৃদস্পন্দন বিপজ্জনক ভাবে কমে গেলে বা নির্দিষ্ট বৈদ্যুতিক সমস্যায় পেসমেকার জীবন রক্ষাকারী চিকিৎসার অংশ হয়ে ওঠে।
হৃদরোগ চিকিৎসাকে আরও পূর্ণাঙ্গ করতে ইকোকার্ডিওগ্রাফি, উন্নত কার্ডিয়াক ডায়াগনস্টিক সুবিধা, ২৪ ঘণ্টার জরুরি কার্ডিয়াক সেবা এবং প্রয়োজনীয় ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টও থাকা দরকার। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কার্ডিয়াক সার্জারি, পূর্ণাঙ্গ কার্ডিয়াক অপারেশন থিয়েটার এবং পর্যায়ক্রমে ওপেন হার্ট ও বাইপাস সার্জারি চালুর ব্যবস্থাও প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগের জরুরি ও ওষুধ ভিত্তিক চিকিৎসা দেওয়া হলেও জটিল ইন্টারভেনশনাল ও সার্জিক্যাল চিকিৎসার সব সুবিধা একই জায়গায় নেই। ফলে অনেক রোগীকেই উচ্চতর চিকিৎসার জন্য ঢাকাসহ অন্যত্র যেতে হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য এখানেই পূর্ণাঙ্গ চিকিৎসা সুবিধা গড়ে তোলার প্রয়োজনীয়তা তাই দিন দিন বাড়ছে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কাজী আইনুল ইসলাম জানান, প্রয়োজনীয় কিছু সরঞ্জামের সংকট রয়েছে। নতুন সিরিংগ পাম্প কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া চলছে এবং সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে চিকিৎসা সংশ্লিষ্টদের মতে, বর্তমান সরঞ্জাম সংকট দূর করার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। শুধু একটি-দুটি যন্ত্র সরবরাহ করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগকে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক কার্ডিয়াক সেন্টারে রূপান্তর করতে হবে।
রোগী ও স্বজনেরা বর্তমান সরকারের কাছে দ্রুত প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহের পাশাপাশি পূর্ণাঙ্গ কার্ডিয়াক সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে তাঁরা বলেছেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক চিকিৎসা ব্যবস্থা সরেজমিনে পর্যালোচনা করে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নেওয়া প্রয়োজন।
তাঁদের মতে, খুলনায় একটি পূর্ণাঙ্গ কার্ডিয়াক সেন্টার গড়ে উঠলে শুধু খুলনা নয়, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন। গুরুতর হৃদরোগের চিকিৎসার জন্য রোগীকে দূরের শহরে নেওয়ার ঝুঁকি ও সময়ও কমবে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, প্রশিক্ষিত নার্স আছেন, প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। এখন প্রয়োজন তাঁদের দক্ষতার সঙ্গে আধুনিক প্রযুক্তি, পর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম এবং পূর্ণাঙ্গ কার্ডিয়াক অবকাঠামোর সমন্বয়।
হৃদরোগের চিকিৎসায় সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
একটি আধুনিক হাসপাতালের শক্তি শুধু তার ভবন বা শয্যা সংখ্যায় নয়, সংকটাপন্ন রোগীর জন্য প্রয়োজনীয় চিকিৎসা কত দ্রুত এবং কতটা পূর্ণাঙ্গ ভাবে দেওয়া যাচ্ছে, তার ওপরও নির্ভর করে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ণাঙ্গ বিশ্ব মানের হৃদরোগ চিকিৎসা কেন্দ্রে উন্নীত করা গেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য হৃদরোগ চিকিৎসায় তৈরি হতে পারে নতুন আশার দ্বার।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||