শরণখোলা (পটুয়াখালী) প্রতিবেদক :

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেকের (CODEC) উদ্যোগে সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় উপজেলার রায়েন্দা ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কোডেকের ‘এনগেজ’ প্রকল্পের আওতায়, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং নেটজ বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় এ সংলাপ সভার আয়োজন করা হয়।
কোডেক-এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার ওজিফা খাতুনের সঞ্চালনায় সভায় রায়েন্দা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফারুক হোসেন শিকদার, প্যানেল চেয়ারম্যান কাওছার আকন, স্থানীয় পরিবেশবাদী, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন সিএসওর (সিভিল সোসাইটি অর্গানাইজেশন) সদস্যরা অংশ নেন।
সভায় স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, গত মাসের কার্যক্রম পর্যালোচনা, অর্জন মূল্যায়ন, টিমের কাজ বণ্টন এবং পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আগের সংলাপে চিহ্নিত সমস্যাগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সমস্যা সমাধানে সিএসও সদস্যদের ভূমিকা ও অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়।
পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে টিমের প্রত্যেক সদস্যকে নির্ধারিত দায়িত্ব অনুযায়ী স্থানীয় সমস্যাগুলো নিয়ে কাজ করা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া এলাকার রাস্তা সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা পর্যায়ে যোগাযোগ ও সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণে কোডেকের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সহযোগিতাও কামনা করা হয়।
সভায় সিএসও সদস্যদের ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা আশ্বাস দেন।
সংলাপে উপস্থিত অতিথিরা স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে জনগণের অংশগ্রহণ বাড়াতে কোডেকের এ উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||