এইচ এম আওলাদ :

পিঞ্জুরী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা, সমর্থেনে স্থানীয়োরা।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনি প্রস্তুতিমূলক জনসভা করছেন উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মানিকুজ্জামান হাওলাদার। এসব সভায় তিনি এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে সমর্থন ও ভোট প্রার্থনা করছেন।
এরই ধারাবাহিকতায় গত রোববার সন্ধ্যায় পিঞ্জুরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেধা সিঁড়ি ইন্টারন্যাশনাল স্কুল মাঠে এক জনসভার আয়োজন করা হয়। বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
জনসভায় বিএনপি নেতা মানিকুজ্জামান হাওলাদার বলেন, কোটালীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী পিঞ্জুরী ইউনিয়ন দীর্ঘদিন ধরে অবহেলিত। তাঁর দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত চেয়ারম্যানরা এলাকার প্রত্যাশিত উন্নয়ন করতে পারেননি।
তিনি বলেন, ‘‘আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নে কাজ করব। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে উদ্যোগ নেব, ইনশা আল্লাহ।’’
মানিকুজ্জামান হাওলাদার আরও বলেন, ‘‘আমাদের এমপি এস এম জিলানী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অত্যন্ত বিশ্বস্ত। তাই এমপি সাহেবের মাধ্যমে এলাকার উন্নয়ন করতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না।’’
তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে পিঞ্জুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে বলেন, ‘‘আপনাদের সমর্থন পেলে আমি আগামী স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হতে চাই।’’
এ সময় উপস্থিত স্থানীয়দের অনেকে হাত তুলে তাঁর প্রার্থিতার প্রতি সমর্থন জানান।
জনসভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে আঃ মন্নান হাওলাদার, মওলানা গোলাম মাওলা, শান্তি রঞ্জন বাগচি ও ইদ্রিস হাওলাদার বক্তব্য দেন। বক্তারা পিঞ্জুরী ইউনিয়নের উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
জনসভাকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||