রিকি শেখ, ক্রাইম নিউজ প্রতিবেদক :

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলায় আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের আগেই শতাধিক দোকানপাট নিজ উদ্যোগে সরিয়ে নিয়েছে দখলকারীরা।
আজ বুধবার (৩০ জুলাই) সকালে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান টিম উপজেলার জিরো পয়েন্ট পশ্চিমপাড় এলাকায় অভিযান পরিচালনা করতে গিয়ে এমন চিত্র দেখতে পান।
হোটেল ব্যবসায়ী নাসির শেখ বলেন, ১৪ লক্ষ টাকা এ্যাডভান্স দিয়ে ২০ বছর ধরে এখানে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছি। এই উচ্ছেদে নিঃস্ব হয়ে গেলাম। শুধু আমি নই, আমার মত অনেক ব্যবসায়ীরাই মারাত্মক ক্ষতির মুখে পড়লো।
মিষ্টির দোকান ঘরের মলিক দেলোয়ার শেখ বলেন, প্রতি মাসে ১৪ হাজার টাকা পেতেন দোকান ঘর ভাড়া থেকে। আজ নিঃস্ব হয়ে গেলাম। এই দোকান ভাড়া ছিল আমার আয়ের একমাত্র উৎস। তারপরও সরকারি নির্দেশনা মেনে নিজেই দোকান ঘর সরিয়ে নিয়েছি।
গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান বলেন, পশ্চিমপাড়া এলাকায় সড়কের সাথে জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত শতাধিক স্থাপনা (ব্যবসা প্রতিষ্ঠান) সরিয়ে নেওয়ার জন্য গত ২৬ জুলাই মৌখিকভাবে জানানো হয়। পূর্ব নির্ধারিত সময়ানুযায়ী আজ উচ্ছেদ অভিযানে এসে দেখতে পাই বেশিরভাগ স্থাপনাগুলো নিজ উদ্যোগে সরিয়ে নিয়েছে। বাকিগুলো সরানোর কাজ চলছে।
তিনি আরো বলেন, সড়কের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে সড়কের আশপাশে যেকোনো অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চলবে। আমরা সকলকে অনুরোধ করছি, মহাসড়কের জায়গা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করবেন না।”
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আমীরুল মোস্তফা। এ সময় গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার শামীম আহমেদ ও কোটালীপাড়া থানা পুলিশের সদস্যেরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||