মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে ১২ হাজার ৫০০টি ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ ১৪ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০টায় বয়রাস্থ পুলিশ লাইন্সে এই বর্ণাঢ্য কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা এই পরিবেশ বান্ধব কর্মসূচি বাস্তবায়ন করছি। খুলনা মহানগরীকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার পাশাপাশি পরিবেশগত ভাবেও বাসযোগ্য ও সবুজ শহর হিসেবে গড়ে তোলা আমাদের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্যেই বৃক্ষরোপণ কর্মসূচিকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। তিনি আরও বলেন, গাছ আমাদের পরম বন্ধু। আমাদের জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ করা থেকে শুরু করে পরিবেশের ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড শুষে নেওয়া—সব ক্ষেত্রেই বৃক্ষের ভূমিকা অনন্য। আজকের রোপণ করা প্রতিটি চারা কেবল একটি গাছ নয়, এটি আমাদের আগামী প্রজন্মের জন্য একটি নির্মল বাতাস ও নিরাপদ সবুজ ভবিষ্যতের অঙ্গীকার।
উদ্বোধন শেষে পুলিশ কমিশনার খুলনা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করেন। এ সময় তাঁর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হাজী ফয়েজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা জনাব রুমানা সুলতানা ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। পিটিসি খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনাকালে পিটিসি খুলনার কমান্ড্যান্ট জনাব এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৃক্ষরোপণকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ মুহাম্মদ মাছুদ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি ব্রজলাল কলেজে অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, দৌলতপুর থানাধীন পাবলা সবুজ সংঘ ক্লাব মাঠে ক্লাবের সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম, খুলনা জিলা স্কুলে প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফারুকুল ইসলাম এবং সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ মোঃ আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।
সবুজ হোক প্রতিটি প্রাঙ্গণ, নির্মল হোক প্রতিটি শ্বাস—এই ব্রত নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ জনগণের পাশাপাশি পরিবেশ রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ কর্মসূচিতে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব এম, এম শাকিলুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ রেজাউর রহমান; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুদর্শন কুমার রায়; ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) জনাব আব্দুল্লাহ-আল-মাসুম সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||