মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে কেএমপিতে কর্মরত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭২ জন শিক্ষার্থীকে সম্মানী, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে মেধা বৃত্তির সম্মানী, শুভেচ্ছা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান।
মেধা বৃত্তি প্রাপ্তদের মধ্যে ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৫৯ জন এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৩ জন, মোট ৭২ জন শিক্ষার্থী রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। প্রায় পাঁচ বছর আগে তিনিও একজন অভিভাবক হিসেবে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, একজন সন্তানের সাফল্যের পেছনে বাবা-মায়ের ত্যাগ, পরিশ্রম ও উৎসাহের অবদান অপরিসীম।
তিনি বিশেষ ভাবে মায়েদের অবদানের কথা তুলে ধরে বলেন, পুলিশ কর্মকর্তারা কর্মক্ষেত্রে ব্যস্ত থাকলেও সন্তানদের দেখাশোনা ও পরিবারের দায়িত্ব পালনে মায়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের ত্যাগ ও সহযোগিতা ছাড়া অনেক পুলিশ কর্মকর্তার পক্ষেই দায়িত্ব যথাযথ ভাবে পালন করা কঠিন হতো।
কেএমপি পুলিশ কমিশনার বলেন, সীমিত সামর্থ্যের অনেক অভিভাবকও সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সর্বোচ্চ চেষ্টা করেন। সন্তানরা ভালো ফলাফল করলে সেই সাফল্যে অভিভাবকদের পাশাপাশি পুলিশ পরিবারও আনন্দিত হয়।
মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বাবা-মায়ের ত্যাগকে সম্মান করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। ভবিষ্যতে নিজেদের যোগ্যতা ও মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে এম. এম. শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) ভারপ্রাপ্ত সহ কেএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||