মো: আল মাসুম খান,ব্যুরো চিফ, খুলনা :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চার শিক্ষার্থীর ওপর বহিরাগতদের আবারো হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত আটটার দিকে কুয়েট সংলগ্ন নগরীর ফুলবাড়ি গেট এলাকায় খাবার খেতে গেলে তাদের ওপর এ হামলা চালানো হয়। সন্ত্রাসী হামলায় আহতরা হলেন, কুয়েটের ১৯ ব্যাচের ছাত্র ওবায়দুল্লাহ, গালিব, মোহন ও মুজাহিদ। কুয়েট মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। আহতদের রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। এ ঘটনার প্রতিবাদে রাত ১০টায় কুয়েট ক্যাম্পাসে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন কুয়েট শিক্ষার্থীরা। কুয়েটের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, হামলাকারীরা সংখ্যায় ১২/১৫ জন ছিলেন। হামলাকারীরা কুয়েটের ভিসি মাসুদকে কেন নামিয়েছিস বলে মারধর শুরু করেন।
শিক্ষার্থীর উপরে হামলার ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানার ওসি (তদন্ত) সঞ্জিত কুমার ঘোষ বলেন, হামলার বিষয়টি শুনেছি এর বাইরে কিছু জানি না। এর আগে গত ২৩ এপ্রিলও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো ভিসিকে অপসারণ করায় ওইদিন রাতে আনন্দ মিছিল করেন কুয়েটের শিক্ষার্থীরা। সেই মিছিলে বহিরাগতরা হামলা করে। ওই দিন কুয়েট শিক্ষার্থী নাজমুল হুদা জানান, বিজয় মিছিলে যোগ দিতে এসে স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হন কুয়েটের এক শিক্ষার্থী। তাকে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে। কুয়েটের শিক্ষার্থীরা অভিযোগ করেন, এই হামলাকারীরা গত ১৮ ফেব্রুয়ারির সশস্ত্র হামলায়ও জড়িত ছিল।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||