মো: আল মাসুম খান, ব্যুরো চিফ, খুলনা :

কুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হিসাবে এক দফা দাবিতে গত ২১ ঘন্টা আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছে কুয়েটের এমটিই বিভাগের ২৩ ব্যাচের এক শিক্ষার্থী। আজ ২২ এপ্রিল বেলা সাড়ে ১২টায় ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কর্মকর্তারা তার সেবা শুশ্রূষা করেন। এ সময় তাকে মেডিকেল সেন্টারে ভর্তির অনুরোধ করলে এক দফা দাবিতে অনশনরত শিক্ষার্থী ভর্তি হতে অস্বীকৃতি জানান। উল্লেখ্য আন্দোলনকারীদের অনুরোধে তার নাম প্রকাশ করা হলো না। গতকাল রাতে কুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক, সহকারী পরিচালক, ডেপুটি পরিচালক সহ বেশ কয়েক জন সিনিয়র শিক্ষক অনশনরত শিক্ষার্থীদের খোঁজ- খবর নিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় যান। এ সময় তারা শিক্ষার্থীদের আবারও অনুরোধ করেন অনশন থেকে সরে এসে আলোচনায় বসার জন্য। এছাড়াও তারা এসময় শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙানোর চেষ্টা করেন। তাদের আহ্বানে আন্দোলনরত শিক্ষার্থীরা সাড়া দেয়নি। এর আগে সোমবার (২১ এপ্রিল) পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশনে অংশ নেয়। কর্মসূচিকে কেন্দ্র করে ওই দিন বেলা দুইটার পর থেকে শিক্ষার্থীরা দুর্বার বাংলা পাদদেশের সামনের সড়কে জড়ো হতে থাকে। এরপর বেলা তিনটায় সেখান জড়ো হওয়া দুই শতাধিক শিক্ষার্থী সংঘবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দার পূর্ব দিকে অবস্থান নেয়। এরপর সেখানে বিভিন্ন বিভাগের ৩২ জন শিক্ষার্থী আনুষ্ঠানিক ভাবে আমরণ অনশন শুরু করে। বাকি শিক্ষার্থীরা অনশনরত শিক্ষার্থীদের চারদিকে অবস্থান নিয়ে তাদেরকে উৎসাহ প্রদান করে। কুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের উদ্যোগে অর্ধশতাধিক শিক্ষক গতকাল সকাল থেকে শিক্ষার্থীদের আমরণ কর্মসূচি থেকে সরে এসে আলোচনায় বসার প্রাণপণ চেষ্টা চালায়। সকালে তারা আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসে সমস্যা সমাধানের আহ্বান জানান। বেলা আড়াইটায় ছাত্র কল্যাণ পরিচালক, সহকারী পরিচালক, ডেপুটি পরিচালকসহ কুয়েটের বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষার্থীদের পূর্বনির্ধারিত অনশনস্থল স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের বারান্দায় অবস্থান নেন। এরপর বেলা তিনটার পর অনশনরত শিক্ষার্থীদের অনশন থেকে সরে এসে আলোচনা টেবিলে বসার আহ্বান জানিয়ে একাধিক শিক্ষক বক্তৃতা করেন। এ সময় শিক্ষকরা তাদেরকে জুস পান করার অনুরোধ জানিয়ে অনশন থেকে সরে আসার আহ্বান জানান। এভাবে টানা আড়াই ঘন্টা চেষ্টা চালিয়েও শিক্ষার্থীদের নমনীয় করতে না পেরে ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালকসহ শিক্ষকরা সেখান থেকে চলে যান। উল্লেখ্য কুয়েটের শিক্ষার্থীদের এক দফা দাবিতে আন্দোলনরত অনশনকারী শিক্ষার্থীদের মধ্যে দুইজনের পরিবারের সদস্যরা অসুস্থ হওয়ার কারণে দুইজন শিক্ষার্থী আজ সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তাদের পরিবারের কাছে চলে গিয়েছে
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||