মহিপুর (পটুয়াখালী) প্রতিবেদক :

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি টাইটান ট্রিগার ফিশ। স্থানীয় জেলেদের কাছে মাছটি ‘চামড়া মাছ’ নামে পরিচিত। প্রায় ৯০০ গ্রাম ওজনের মাছটি দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমে মৎস্য বন্দরে।
শনিবার (২৯ আগস্ট) সকালে মহিপুর মৎস্য বন্দরের মুন ফিসে অন্যান্য মাছের সঙ্গে বঙ্গোপসাগর থেকে ধরা মাছটি নিয়ে আসেন জেলেরা। এসময় মাছটিকে দেখতে স্থানীয় মানুষ ও মাছ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
জেলেরা জানান, মাছটি দেখতে অনেকটাই ভিন্ন ধরনের হওয়ায় প্রথমে তারা মাছটির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। স্থানীয়ভাবে মাছটি চামড়া মাছ নামে পরিচিত হলেও এর বৈজ্ঞানিক পরিচয় সম্পর্কে জেলেদের ধারণা ছিল না। মাছটি বিষাক্ত হওয়ার আশঙ্কায় কেউ এটি কিনতেও আগ্রহ দেখাননি।
জেলে খবির বলেন, আমরা দীর্ঘদিন ধরে সাগরে মাছ ধরছি। বিভিন্ন ধরনের মাছ জালে ধরা পড়লেও এমন মাছ-এর আগে কখনো দেখিনি। মাছটি দেখতে অন্য মাছের চেয়ে সম্পূর্ণ আলাদা।
আরেক জেলে মাহাতাব বলেন, অন্যান্য মাছের সঙ্গে জালে মাছটি ধরা পড়ে। বন্দরে নিয়ে আসার পর অনেক মানুষ দেখতে ভিড় করেন। তবে মাছটি বিষাক্ত বলে শুনে কেউ কিনতে চায়নি।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ড ফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, মাছটি টাইটান ট্রিগার ফিশ (Balistoides viridescens) স্থানীয়ভাবে এটি ট্রিগার ফিশ বা চামড়া মাছ নামে পরিচিত।
তিনি জানান, পিঠের শক্তিশালী কাঁটা, বড়ো দাঁত ও শক্ত চোয়াল এ মাছের প্রধান বৈশিষ্ট্য। সাধারণত মাছটি মানুষের প্রতি আক্রমণাত্মক নয়। তবে প্রজনন মৌসুমে নিজের এলাকা ও ডিম রক্ষার সময় এটি অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করতে পারে।
তিনি আরও বলেন, প্রবালপ্রাচীরের বাস্তুতন্ত্রে বিভিন্ন তলদেশীয় প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ এবং খাদ্যজালের ভারসাম্য রক্ষায় টাইটান ট্রিগার ফিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের কিছু অঞ্চলে মাছটি খাদ্য হিসেবে ব্যবহার করা হলেও এতে সিগুয়াটেরা নামক বিষক্রিয়ার ঝুঁকি থাকতে পারে। তাই মাছটি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আমাদের উপকূলীয় বঙ্গোপসাগর জীববৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ। বিভিন্ন সময় জেলেদের জালে নানা ধরনের বিরল ও অল্প পরিচিত সামুদ্রিক প্রজাতির মাছ ধরা পড়ছে, যা আমাদের সামুদ্রিক জীববৈচিত্র্যের ইতিবাচক দিক নির্দেশ করে। টাইটান ট্রিগার ফিশ ধরা পড়ার ঘটনাটিও গবেষণা ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হতে পারে।
এ ধরনের বিরল প্রজাতির মাছ ধরা পড়লে জেলেদের উচিত তাৎক্ষণিকভাবে মৎস্য বিভাগকে জানানো, যাতে মাছটির পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা সম্ভব হয়।
স্থানীয়দের মতে, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিভিন্ন সময় নানা বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ধরা পড়লেও টাইটান ট্রিগারফিশের মতো মাছ খুব কমই দেখা যায়। বিরল এ মাছটি ধরা পড়ার ঘটনায় মৎস্য বন্দর এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||