কুয়াকাটা,(পটুয়াখালী) প্রতিবেদক :

পর্যটননগরী কুয়াকাটায় যানজট নিরসনের লক্ষ্যে দুটি দোকান উচ্ছেদ করেছে কুয়াকাটা পৌর প্রশাসন। তবে মাত্র দুটি দোকান উচ্ছেদকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তাদের অভিযোগ, কুয়াকাটার গুরুত্বপূর্ণ সড়ক, বেড়িবাঁধ ও সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে শত শত দোকান ও বিভিন্ন স্থাপনা। এসব স্থাপনার বিরুদ্ধে সমন্বিত ও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, কুয়াকার বিভিন্ন এলাকায় সরকারি জমি ও রাস্তার জায়গা দখল করে একের পর এক দোকান ও স্থাপনা নির্মাণ করা হয়েছে। কোথাও কোথাও অর্থের বিনিময়ে এসব দখলকৃত জায়গা অন্যের কাছে হস্তান্তর কিংবা বিক্রি করার অভিযোগও রয়েছে। ফলে সরকারি সম্পত্তি দখলের পাশাপাশি সংকুচিত হয়ে পড়ছে চলাচলের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসাধারণের ব্যবহারের জায়গা।
স্থানীয়দের প্রশ্ন, যানজট নিরসনের জন্য যদি দুটি দোকান উচ্ছেদ করা হয়, তাহলে সরকারি রাস্তা, বেড়িবাঁধ ও জায়গা দখল করে গড়ে ওঠা শত শত স্থাপনার বিরুদ্ধে একইভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? তাদের মতে, বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থাপনা উচ্ছেদ না করে দখলদারদের তালিকা তৈরি করে সরকারি জমি ও রাস্তা দখলমুক্ত করার জন্য ধারাবাহিক অভিযান প্রয়োজন।
এ বিষয়ে কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, অবৈধভাবে রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ প্রশাসনের কাছে এসেছে। এসব অবৈধ স্থাপনার বিরুদ্ধে মাইকিং করে একযোগে উচ্ছেদ অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। খুব শিগগিরই এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রশাসনের পক্ষ থেকে ঘোষিত এ অভিযান বাস্তবায়িত হলে কুয়াটার গুরুত্বপূর্ণ সড়ক, বেড়িবাঁধ ও সরকারি জায়গা দখলমুক্ত হওয়ার পাশাপাশি যানজট ও জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন স্থানীয়রা। একই সঙ্গে পর্যটননির্ভর এ নগরীর সৌন্দর্য ও পরিবেশও কিছুটা ফিরবে বলে তাদের প্রত্যাশা।
তবে এখন মূল প্রশ্ন—ঘোষিত একযোগে উচ্ছেদ অভিযান কত দ্রুত শুরু হয় এবং অভিযানে সরকারি জায়গা ও রাস্তা দখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনার বিরুদ্ধে সমানভাবে ও নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়া হয় কি না। স্থানীয়দের প্রত্যাশা, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত না করে সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||