এম. কবির আলী মাহামুদ, নিজস্ব প্রতিবেদক :

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৪ নম্বর সাজাইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মাহাবুব আলম সেলিম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এবারও নির্বাচনে তাঁর অংশগ্রহণের সিদ্ধান্ত তিনি জনগণের ওপরই ছেড়ে দিয়েছেন।
মাহাবুব আলম সেলিম বলেন, “আমি এর আগে একবার এবং চলতি মেয়াদসহ দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। জনগণ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি চেষ্টা করেছি সাধ্যমতো ইউনিয়নের উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে। আমার কর্মকাণ্ডে জনগণ সন্তুষ্ট হয়ে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত করে ইউনিয়নবাসীর সেবা করার দায়িত্ব দিলে তা আমি মাথা পেতে নেব।”
তিনি আরও বলেন, “আমার নির্বাচন করার প্রস্তুতি রয়েছে। তবে জনগণের সম্মতির বাইরে আমি কোনো কিছু করতে চাই না। ইউনিয়নজুড়ে নির্বাচনী তৎপরতা চালিয়ে জনতার স্বতঃস্ফূর্ত সমর্থন আদায়ের চেষ্টা করব। আমার কাজই আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। জনগণের ভালোবাসা ছাড়া কোনো লক্ষ্য অর্জন সম্ভব নয়।”
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাহাবুব আলম সেলিম বলেন, চলতি মেয়াদে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন প্রকল্পের আওতায় কাঁচা, ইটের সলিং, কার্পেটিং ও আরসিসি রাস্তা নির্মাণ করা হয়েছে। এছাড়া ঘাটলা নির্মাণ, গভীর নলকূপ স্থাপন, সোলার লাইট স্থাপন এবং ইরিগেশন ব্লকে ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে।
তিনি জানান, প্রয়োজন অনুযায়ী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের বিভিন্ন ধরনের ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের পানি সরবরাহ নিশ্চিত করাসহ জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে। জনগণ আবারও সুযোগ দিলে আগামী দিনেও এসব উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা বর্তমান চেয়ারম্যানের পক্ষে মত দিয়েছেন। মাজড়া গ্রামের কচি ও সুজন মোল্লা, কুসুমদিয়া গ্রামের ইনামুল এবং ভাট্টইধোপা গ্রামের নান্টু মুন্সীসহ কয়েকজন বলেন, “আমাদের বর্তমান চেয়ারম্যান একজন যোগ্য ব্যক্তি। তিনি আবারও নির্বাচিত হলে ইউনিয়নবাসী উপকৃত হবে।”
স্থানীয়দের মতে, সাজাইল ইউনিয়নে দীর্ঘদিন ধরেই মূলধারার গ্রামীণ রাজনীতির চর্চা রয়েছে। নির্বাচনে যোগ্য ও জনবান্ধব প্রার্থীকেই ইউনিয়নবাসী মূল্যায়ন করেন। ফলে আগামী নির্বাচনে জনগণের সমর্থনই প্রার্থীদের জয়-পরাজয়ের মূল নির্ধারক হয়ে উঠবে বলে মনে করছেন তাঁরা।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||