মো. লিটন সিকদার, কাশিয়ানী, গোপালগঞ্জ :
[caption id="attachment_11738" align="aligncenter" width="874"]
কাশিয়ানীতে ৯২ নং ডিকে এসএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরঞ্জাম বিক্রি : অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে।[/caption]
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ৯২ নং ডিকে এসএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো সরঞ্জাম গোপনে বিক্রি করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে। অভিযোগ, বিদ্যালয়ের অফ টাইমে পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি মো. শামীমকে সঙ্গে নিয়ে তিনি দোলনা, শিকল, লোহাসহ বিভিন্ন পুরোনো সরঞ্জাম বিক্রি করেছেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নিধির বিশ্বাস সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমাকে না জানিয়ে বিদ্যালয়ের পুরাতন দোলনা ও শিকল, লোহা ইত্যাদি সরঞ্জাম বিক্রি করে দিয়েছে।’ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরিফা খানমও সাংবাদিককে জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রহ্লাদ বিশ্বাস পারুলিয়া স্কুলের দপ্তরি মো. শামীমকে নিয়ে বিদ্যালয়ের অফ টাইমে সরঞ্জাম বিক্রি করেন।
এদিকে পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি শামীম মিয়া মুঠোফোনে সাংবাদিকের সাক্ষাৎকারে বলেন, ‘৯২ নম্বর ডিকে এসএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাদ্দাম হোসেনের অনুমতিতে আমি পুরাতন কিছু কাঠের হাঁস এবং পুরাতন লোহা কাটুন, দোলনা, শিকল স্কুলের অফ টাইমে কিনেছি। এগুলো বিক্রি করে স্কুলের তালা কিনবে।’
উপজেলা সহকারী সরকারি অফিসার নবীন কুমার রায় সাংবাদিকের জবাবে বলেন, ‘এটা আমার জানা নেই। ডিকে এসএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বিষয়গুলো জানব।’ অন্যদিকে উপজেলা শিক্ষা অফিসার উত্তম কুমার সরকারকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। পরে মেসেজ পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।
গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জোসনা খাতুন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আপনি ফুটেজগুলো প্রধান শিক্ষকের বক্তব্যসহ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান। আমি ব্যবস্থা নিচ্ছি।’
বিদ্যালয়ের সাইনবোর্ডে দেখা যায়, প্রতিষ্ঠানটি ১৯৪২ সালে প্রতিষ্ঠিত। ইএমআইএস কোড ৩১৭০২০৩০৫। প্রধান শিক্ষক হিসেবে খন্দকার আমিরুল রহমানের নাম থাকলেও বর্তমানে ভারপ্রাপ্ত দায়িত্বে রয়েছেন প্রহলাদ চন্দ্র বিশ্বাস। ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||