মো: আল মাসুম খান,বিভাগীয় ব্যুরো চিফ খুলনা :

বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের সময় লক্ষাধিক ভুয়া মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হয়েছেন, এমনকি প্রকৃত অনেক মুক্তিযোদ্ধাও পতিত সরকার ঘনিষ্ঠদের রোষে পরে ভুয়া মুক্তিযোদ্ধার খাতাতে নাম উঠেছে। প্রকৃত মুক্তিযোদ্ধাকে বাদ দেয়া তালিকা বীর মুক্তিযোদ্ধা মো: নঈম জাহাঙ্গীরের নাম। মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গির মিরপুর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সদস্য। তাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানাতে সমিতিকে সাবেক পতিত সরকারের ক্ষমতাসীনদের উপহার দিতে হয় সমিতির ১৮টি দামি ফ্ল্যাট। তালিকা যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দুই মেয়ে, সাবেক দুই আইজিপিসহ প্রভাবশালীদের দেওয়া হয় এসব ফ্ল্যাট। এর নেপথ্যের ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো: মোর্শেদুল ইসলাম। মুক্তিযোদ্ধা সমিতির বঞ্চিত সদস্যরা গণমাধ্যমে সাংবাদিকদের জানান ১৯৯৭ সালে সমিতির নামে বরাদ্দ পাওয়া জমিতে ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০১০ সালে। এর পর থেকেই সমিতির ২৭৫ জন সদস্যের মধ্যে আওয়ামীপন্থি ও বিএনপি পন্থি গ্রুপিং সৃষ্টি হয়। আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকায় নানা ভাবে বিএনপিপন্থি সদস্যদের হয়রানি করা শুরু হয়। বিএনপি'র তকমা লাগিয়ে সমিতি থেকে বাদ দেওয়া হয় অনেক সদস্যকে। মূলত সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক মো: মোর্শেদুল ইসলামের অনুসারীরা সমিতির দখল নিতে এসব ষড়যন্ত্র করেন। উল্লেখ্য হয়রানির শিকার সমিতির সদস্যরা মুক্তিযোদ্ধা মো: নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে প্রতিবাদ করলে নঈমকেও সমিতি ছাড়া করা হয়। এরপর শুরু হয় মামলা দিয়ে তাকে হয়রানি ও মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের ষড়যন্ত্র। প্রসঙ্গগত ভুয়া মুক্তিযোদ্ধা বলে মুক্তিযোদ্ধা সমিতির কিছু আওয়ামী পন্থি সদস্যরা নঈম জাহাঙ্গীরের নামে লিখিত অভিযোগ দেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা)। শুধু জামুকায় নয়, তার নিজ এলাকা কুমিল্লার মুক্তিযোদ্ধা সংসদে নঈমের নামে লিখিত অভিযোগও দেওয়া হয়। এ নিয়ে বিশেষ একটি গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নঈম জাহাঙ্গীরের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে। কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, নঈম জাহাঙ্গীরের বিরুদ্ধে মো: রফিকুল ইসলাম নামে সমিতির এক সদস্যের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি করে মন্ত্রণালয়। তদন্ত কমিটি ও বিশেষ সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ২০১২ সালে নঈম জাহাঙ্গীরের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়। এ নিয়ে মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গির মন্ত্রণালয়ে একটি লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে একই বছর উচ্চ আদালতে একটি রিট করেন। তারপরও বিভিন্ন উপায়ে তাকে ভুয়া প্রমাণ করতে চেষ্টা চালিয়ে যান মুক্তিযোদ্ধা সমিতির কতিপয় সদস্য। কিন্তু তার নামে লাল মুক্তিবার্তা এবং সরকার কর্তৃক মুক্তিযোদ্ধা সনদ থাকায় দীর্ঘদিন লড়াই চালিয়ে যান নঈম। ২০২২ সালের জুন পর্যন্ত মুক্তিযোদ্ধার ভাতাও গ্রহণ করেন। এসব নিয়ে মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের সঙ্গে পেরে না ওঠায় তাকে ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণ করতে মন্ত্রী, সচিব, আইজিপিসহ আওয়ামী লীগের বড় নেতাদের সঙ্গে সখ্য করেন সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদসহ আওয়ামী পন্থি সদস্যরা। পরে প্রভাবশালী এসব ব্যক্তিকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতিতে অবৈধ ভাবে সদস্য করে নেওয়া হয়। প্রভাবশালী এসব ব্যক্তি এবং তাদের ছেলে-মেয়ে ও ভাইবোনের নামে দেওয়া হয় ফ্ল্যাট বরাদ্দ। এরপর প্রভাব খাটিয়ে ২০২২ সালে তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নঈম জাহাঙ্গীরে ভাতা বাতিল করে দেন। গেজেট বাতিলের পর ভাতা বন্ধ করে দেওয়ায় আবারও নঈম জাহাঙ্গির আদালতে রিট করেন। জামুকায় আবেদন করেন। গত মার্চে গেজেট বাতিলের বিষয়ে জামুকায় শুনানি হয়। শুনানিতে হাজির হয়ে তিনি কাগজপত্র পেশ করেন এবং তার বক্তব্য উপস্থাপন করেন। এখন জামুকার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গির।
মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, নঈম জাহাঙ্গির একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা। তিনি বিএনপির সমর্থক হওয়ায় বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীপন্থি লোকজন মন্ত্রীর সঙ্গে সখ্য করে তার মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে। আর যাদের ফ্ল্যাট দেওয়া হয়েছে, তারা সবাই সমিতির অবৈধ সদস্য। প্রভাব খাটিয়ে সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম এসব কাজ করেছেন। মো: নঈম জাহাঙ্গির গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধা সমিতির কিছু সদস্য সাধারণ সম্পাদক মো: মোর্শেদের নেতৃত্বে প্রতিহিংসাপরায়ণ হয়ে ষড়যন্ত্র করে গেজেট বাতিল করেছে। গেজেট বাতিলের প্রায় ১০ বছর পরও আমি মুক্তিযোদ্ধা হিসেবে যে ভাতা পেতাম, তাও বন্ধ করে দেন ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল। মূলত সমিতির সদস্যদের অধিকার নিয়ে কথা বলায় আমার বিরুদ্ধে এমন অন্যায় ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্লেখ্য ১৯৯৭ সালে ২৭৫ জন মুক্তিযোদ্ধার নামে প্রায় ১৬ একর জমি বরাদ্দ দেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। ২০১০ সালে সেখানে বহুতল ভবন নির্মান কাজ শুরু হলে সমিতির সদস্যদের মধ্যে দ্বন্দ্ব বাধে। ভবন দৃশ্যমান হতে থাকলে দ্বন্দ্বের পারদ আরও বাড়তে থাকে। এক পর্যায়ে বিএনপিপন্থি তকমা দিয়ে সমিতির কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। পরে সমিতির সদস্য পদ বাতিলের বৈধতা দিতে ১৮ জনকে অবৈধভাবে সদস্য করে ফ্ল্যাট দেওয়া হয়। অবৈধ ভাবে যাদের ১৮টি ফ্ল্যাট দেওয়া হয়, তারা হলেন ভারতে আশ্রয় নেওয়া পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের পিয়ন মো: জাহাঙ্গির আলম (ভবন নম্বর বি-২, টাওয়ার নম্বর-৩, ফ্লোর ১২, ফ্ল্যাট নং ৪), মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের মেয়ে মেহেরীন মুনজারিন (ভবন নম্বর বি-৪, টাওয়ার নম্বর-৩, ফ্লোর নম্বর ১২-এর ১নং ফ্ল্যাট), আরেক মেয়ে মেহেরীন মুসফেকিন (ভবন নম্বর-৪, টাওয়ার-৩, ফ্লোর ১২, ফ্ল্যাট নম্বর-৪), শেখ হাসিনার সাবেক উপদেষ্টা নুরজাহান আহম্মেদ (ভবন নম্বর বি-৩, টাওয়ার-১, ফ্লোর-৭, ফ্ল্যাট নম্বর-৪), স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গাজী মেসবাউল হক সাচ্চু (ভবন নম্বর বি-২, টাওয়ার-৩, ফ্লোর ১২, ফ্ল্যাট নম্বর-৩), গোপালগঞ্জের সাবেক মেয়র কাজী লিয়াকত আলী (ভবন নম্বর এ-৫, টাওয়ার-২, ফ্লোর-৪, ফ্ল্যাট নম্বর-৪), আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের ভাই এইচ এম নিজামুদ্দিন (ভবন নম্বর এ-৫, টাওয়ার-২, ফ্লোর-৭, ফ্ল্যাট নম্বর-২), আরেক ভাই সফিউল আলম মুরাদ (ভবন নম্বর বি-২, টাওয়ার-১, ফ্লোর-১০, ফ্ল্যাট নম্বর-১), জাতীয় গৃহায়নের সাবেক সদস্য মো. আজহারুল হক (ভবন নম্বর এ-৪, টাওয়ার-১, ফ্লোর-৮, ফ্ল্যাট নম্বর-১), সাবেক আইজিপি বেনজীর আহম্মেদ (ভবন নম্বর এ-৪, টাওয়ার-১, ফ্লোর-৯, ফ্ল্যাট নম্বর ৪), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিবের ছেলে আশিকুর রহমান (ভবন নম্বর এ-৪, টাওয়ার-২, ফ্লোর-৭, ফ্ল্যাট নম্বর ১০), সাবেক আইজিপি একেএম শহিদুল হক (ভবন নম্বর-৭, টাওয়ার-২, ফ্লোর-৮, ফ্ল্যাট নম্বর-৩), সাবেক সচিব সেলিনা সুলতানা (ভবন নম্বর বি-৩, টাওয়ার-২, ফ্লোর-৬, ফ্ল্যাট নম্বর ১), সাবেক সচিব খন্দকার মিজানুর রহমান (ভবন নম্বর বি-৩, টাওয়ার-২, ফ্লোর-১২, ফ্ল্যাট নম্বর ৩), সাবেক অতিরিক্ত আইজিপি খুররম ফাতেমী (ভবন নম্বর বি-২, টাওয়ার-১, ফ্লোর-৮, ফ্ল্যাট নম্বর-১)। অবৈধ সমিতির সদস্যদের নামে বরাদ্দকৃত ফ্ল্যাট বাতিল করতে আদালতে রিট করার পাশাপাশি জাতীয় গৃহায়নে আবেদন করেন সমিতির বঞ্চিত সকল সদস্যরা। এই বিষয়ে জাতীয় গৃহায়নের চেয়ারম্যান নূরুল বাসির গণমাধ্যমের সাংবাদিকদের সুস্পষ্ট ভাবে বলেন, যাদের নামে জমি বরাদ্দ দেওয়া হয়নি, অথচ তাদের নামে মুক্তিযোদ্ধা সমিতির ফ্ল্যাট বরাদ্দ দিয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ এবং ফ্ল্যাট বরাদ্দ বাতিল চেয়ে আদালতে রিট করা হয়েছে। এটা আদালত দেখবেন। আর গৃহায়নের যে বিষয় আছে, সেই কাজ গৃহায়ন করছে এবং আমাদের দাপ্তরিক কার্যক্রম চলমান।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||