মো,রুমী শরীফ,পটুয়াখালী :

দূরদূরান্ত থেকে মাছ কিনতে আসা পাইকারদেরও পড়তে হয় বিপাকে, দ্রুত মসজিদ নির্মাণের দাবি ব্যবসায়ী ও স্থানীয়দের*
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য বাণিজ্যকেন্দ্র আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র। প্রতিদিন এখানে শত শত ব্যবসায়ী, আড়তদার, জেলে, শ্রমিক ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মাছের পাইকারদের পদচারণায় মুখর থাকে পুরো এলাকা। কোটি টাকার মাছ কেনাবেচা হলেও দীর্ঘদিন ধরে এখানে নেই নামাজ আদায়ের জন্য একটি স্থায়ী মসজিদ। ফলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ।
মাছ কেনাবেচা, আড়ত পরিচালনা, পরিবহন ও বাজারজাতকরণের কাজে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকতে হয় সংশ্লিষ্টদের। কিন্তু নামাজের সময় হলে অনেকেই জামাতে নামাজ আদায়ের সুযোগ পান না। দূরত্বের কারণে কাছাকাছি মসজিদে পৌঁছানোও অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। এতে ধর্মপ্রাণ ব্যবসায়ী, জেলে, শ্রমিক ও দূরদূরান্ত থেকে আসা পাইকারদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ও আক্ষেপ তৈরি হয়েছে।
এ বিষয়ে মৎস্য ব্যবসায়ী জাফর বলেন, আমরা মুসলমান জাতি। পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হয়। কিন্তু এখানে মসজিদ না থাকায় সব সময় জামাতে নামাজ পড়ার সুযোগ পাই না। দূরে যেতে হয় বলে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। এখানে একটি মসজিদ নির্মাণ করা হলে আমরা ব্যবসায়ীরা ছাড়াও দূরদূরান্ত থেকে মাছ কিনতে আসা পাইকাররা সবাই নামাজ আদায়ের সুযোগ পাবেন।
মৎস্য ব্যবসায়ী আতিকুর রহমান মিলন বলেন, “আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে একটি মসজিদ অত্যন্ত জরুরি। প্রতিদিন এখানে অসংখ্য মানুষের সমাগম হয়। অথচ নামাজ আদায়ের জন্য উপযুক্ত স্থায়ী ব্যবস্থা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি।
মৎস্য ব্যবসায়ী জলিল ঘরামী বলেন, “আমরা মুসলমান। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা আমাদের জন্য বাধ্যতামূলক। কিন্তু মসজিদ দূরে থাকায় অনেক সময় জামাতে নামাজ আদায় করতে পারি না। এখানে একটি মসজিদ নির্মাণ করা হলে ব্যবসায়ী, জেলে, শ্রমিক ও পাইকারসহ সবাই একই স্থানে জামাতে নামাজ আদায় করতে পারবেন।”
স্থানীয় ব্যবসায়ীদের মতে, আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র উপকূলীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্য পরিচালিত হলেও ধর্মীয় প্রয়োজনের বিষয়টি দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে।
এখন ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রশ্ন—আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে কোটি টাকার মাছের বাণিজ্য হলেও একটি মসজিদ নির্মাণের উদ্যোগ কেন নেই?
ব্যবসায়ী, জেলে, শ্রমিক ও দূরদূরান্ত থেকে আসা পাইকারদের ধর্মীয় সুবিধার কথা বিবেচনা করে দ্রুত একটি মসজিদ নির্মাণে জায়গা বরাদ্দ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন, মৎস্য বিভাগ এবং বিএফডিসি কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||