মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

যুক্তরাষ্ট্রে নতুন জীবন, জীবিকা ও উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমানো অন্তত আটজন বাংলাদেশি গত ১৬ মাসে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন। ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ফ্লোরিডা, নিউইয়র্ক, পেনসিলভানিয়া ও টেনেসিতে এসব প্রাণহানির ঘটনা ঘটে।
ফ্লোরিডায় ২০২৫ সালের মে মাসে মাউন্ট ডোরায় ৪৪ বছর বয়সী মনিকা ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে হত্যার অভিযোগে তার ভাশুর শাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
চলতি বছরের এপ্রিলে ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের সাবেক রুমমেটকে গ্রেপ্তার করা হয়েছে। একই মাসে ফোর্ট মায়ার্সে গ্যাস স্টেশনে কর্মরত ৫১ বছর বয়সী নিলুফা ইয়াসমিনও হাতুড়ির আঘাতে নিহত হন।
নিউইয়র্কেও প্রাণ হারিয়েছেন একাধিক বাংলাদেশি। ২০২৫ সালের জুলাইয়ে ম্যানহাটনে নিরাপত্তাকর্মীর অতিরিক্ত দায়িত্ব পালনের সময় বন্দুকধারীর গুলিতে নিহত হন এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলাম। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই সন্তান রেখে যান।
গত ২৩ আগস্ট ব্রুকলিনের ব্রাউনসভিলে একটি রেস্তোরাঁয় কর্মরত অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ৪৪ বছর বয়সী ইউসুফ রাজু। একই ঘটনায় রাসেল নামে আরেক বাংলাদেশি আহত হন। এর আগে জুলাইয়ে ব্রুকলিনে সড়ক দুর্ঘটনার বিরোধ মেটাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ট্যাক্সিচালক রুহুল আমিন নাসির।
পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় গত ৭ জুলাই ডোরড্যাশে খাবার ডেলিভারি করতে গিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরের গুলিতে নিহত হন ৪৩ বছর বয়সী মো. মাহফুজুল হক।
বাংলাদেশে তিনি চিকিৎসক ছিলেন।
অন্যদিকে, গত ২৩ আগস্ট টেনেসির বেলসে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি ও হত্যার শিকার হন বাংলাদেশি অভিবাসী শাহেদ রানা মোহসিন।
এসব ঘটনার পেছনে কোনো অভিন্ন কারণ বা বাংলাদেশিদের লক্ষ্য করে সংঘবদ্ধ হামলার প্রমাণ পাওয়া যায়নি।
পারিবারিক বিরোধ, ডাকাতি ও আকস্মিক বন্দুক হামলা সহ ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে এসব মৃত্যু ঘটেছে।
তবে রেস্তোরাঁ, গ্যাস স্টেশন, খাবার ডেলিভারি ও ট্যাক্সি চালানোর মতো পেশায় কর্মরত প্রবাসীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রে উন্নত ও নিরাপদ জীবনের স্বপ্ন নিয়ে যাওয়া এসব বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু শুধু আটটি পরিবারের স্বপ্নভঙ্গ নয়, বরং প্রবাসীদের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন তৈরি করেছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||