মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাম প্রকাশে অনিচ্ছুক এক ভর্তি রোগী আনুমানিক দুই মাস আগে ব্রেনের জটিল অপারেশনের জন্য ভর্তি হয়েছিলেন। কিন্তু অপারেশন তো হয়নি, বরং মুমূর্ষু অবস্থায় এখন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অথচ চিকিৎসা খরচ তো দূরের কথা, অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার ভাড়াও নেই তার দিনমজুর পিতার কাছে। অপর এক রোগী অপারেশন করাতে এক মাসের বেশি সময় আগে বাগেরহাট জেলা থেকে এসেছেন। শিশু সন্তানকে নিয়ে তার স্বামীও হাসপাতালে অবস্থান করছেন। তার অপারেশনের তারিখ নির্ধারিত ছিল গত ২০ মে, বুধবার।
অপারেশনের অপেক্ষায় মানবিক বিপর্যয় শুরু হয়েছে হাসপাতালে ভর্তি শত শত রোগীর জীবনে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ স্টোরে আগুন লাগার ১২ দিন পার হয়ে গেলেও এখনও শুরু হয়নি মেরামত কাজ।
ফলে প্রতিদিন শত শত রোগী ও তাদের স্বজনরা চরম অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। যে সব রোগী দীর্ঘদিন অপেক্ষা করে অস্ত্রোপচারের তারিখ পেয়েছিলেন, তাদের অনেকের অপারেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। চিকিৎসকরা বলছেন, সময়মতো অস্ত্রোপচার না হওয়ায় অনেক রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটছে। কেউ কেউ মৃত্যু ঝুঁকির মধ্যেও রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আগুনের ঘটনায় অপারেশন থিয়েটার এবং পোস্ট-অপারেটিভ ইউনিটের অক্সিজেন লাইনে ক্ষতি হয়। ওই দিন থেকে হাসপাতালে জরুরি ও চোখের অপারেশন থিয়েটার পুরোপুরি বন্ধ হয়ে যায়। এছাড়া অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে পোস্ট-অপারেটিভ ইউনিট। ফলে শত শত মুমূর্ষু রোগী অপারেশনের অপেক্ষায় মৃত্যু ঝুঁকিতে রয়েছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি, নিউরোসার্জারি, ইউরোলজি এবং বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ ঘুরে দেখা যায়, শত শত রোগী অপারেশনের অপেক্ষায় প্রহর গুনছেন। এছাড়া প্রতিদিন অসংখ্য রোগী অপারেশনের জন্য হাসপাতালে আসছেন। কিন্তু ওটি সচল না থাকায় তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে কিংবা নতুন তারিখের আশ্বাস দেওয়া হচ্ছে।
এর মধ্যে অনেক চিকিৎসাধীন ভর্তি রোগী দূর-দূরান্তের জেলা থেকে এসেছেন। গ্রামাঞ্চল থেকে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও স্বজনরা জানান, তাদের মধ্যে অনেকেই স্থাবর সম্পত্তি বিক্রি করে কিংবা ধার-দেনা করে চিকিৎসার খরচ জোগাড় করেছেন। হাসপাতালের বেডে ও বারান্দায় শুয়ে চিকিৎসা নিতে নিতে তাদের সঞ্চিত অর্থ শেষ হয়ে গেছে। তারা আরও জানান, চিকিৎসা ও অপারেশনের ওষুধ কেনার টাকাও শেষ হয়ে এসেছে।
সাতক্ষীরা অঞ্চল থেকে আসা এক রোগী জানান, দীর্ঘদিন আগে অপারেশনের তারিখ পেয়েছিলাম। সব প্রস্তুতি নিয়ে হাসপাতালে আসার পর জানতে পারি অপারেশন হবে না। এখন আবার কবে হবে, কেউ বলতে পারছে না। শরীরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।
সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবু বক্কর সিদ্দিকী সাংবাদিকদের জানান, আমরা প্রতিনিয়ত হাসপাতাল পরিচালককে জানিয়েছি যে অপারেশন করতে পারছি না। তারা আমাদের গণপূর্ত বিভাগের কথা বলেন। কিন্তু আমরা তো রোগীদের সামনে যেতে পারি না। যে রোগীর আরও এক সপ্তাহ আগে বাড়ি যাওয়ার কথা ছিল, কবে তার অপারেশন করতে পারব, তাও বুঝতে পারছি না। এতে অনেক রোগীর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম সাংবাদিকদের জানান, আমরা গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। এখনও আমি দুইজন নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। একজন বলেছেন, অ্যাসেসমেন্ট শেষ হয়েছে, শিগগিরই কাজ শুরু হবে। অন্য একজন নির্বাহী প্রকৌশলী একবার এখানে এসেছেন মাত্র। তিনি এখনও পুরোপুরি অ্যাসেসমেন্ট শেষ করেননি।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডা. দিলীপ কুণ্ডু গণমাধ্যমকে জানান, অপারেশন থিয়েটারের খুব বেশি ক্ষতি হয়নি। শুধু অক্সিজেনের পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার লাইনও বাইরে থেকে নেওয়া, দেয়ালের ভেতর থেকে নয়। তাহলে এত সময় লাগবে কেন ? একটি অপারেশন থিয়েটার চালু আছে, কিন্তু পোস্ট-অপারেটিভ ইউনিট চালু না থাকায় আইসিইউর মোট ছয়টি বেড পোস্ট-অপারেটিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে আইসিইউ রোগীদের জন্য সংকট তৈরি হয়েছে।
খুলনা গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, আগামী মঙ্গলবার থেকে কাজ শুরু হবে। আমাদের অ্যাসেসমেন্টের কাজ শেষ হয়েছে। কিন্তু কাজ শুরু করা যায়নি। মঙ্গলবার সকাল থেকেই আমরা কাজ শুরু করব। খুব দ্রুত কাজ শেষ করে অপারেশন থিয়েটার চালু করতে পারব।
উল্লেখ্য, এই প্রতিবেদক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে যে সমীক্ষা ও পর্যালোচনা করেছেন, তার ফলাফল অনুযায়ী কর্তৃপক্ষ আন্তরিক ভাবে বিষয়টি দেখলে অগ্নিকাণ্ডের পরবর্তী এক সপ্তাহের মধ্যেই অপারেশন থিয়েটার এবং স্টোর রুম পূর্বাবস্থায় ফিরিয়ে আনা সম্ভব ছিল।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা বিভাগের ১০ জেলা এবং পার্শ্ববর্তী গোপালগঞ্জ ও পিরোজপুর অঞ্চলের মানুষের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র হিসেবে বিবেচিত হয়।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||