মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বাগেরহাটের গৌরব হযরত খান জাহান আলী (রহ.) ছিলেন একজন মহান ওলীয়ুল্লাহ এবং ধার্মিক পুরুষ। শত শত বছর আগে তিনি এই অঞ্চলে ইসলাম প্রচার এবং জনকল্যাণে দীঘি খননসহ অসংখ্য কালজয়ী কাজ করে গেছেন। কিন্তু আজ বহু বছর পর, তাঁর পবিত্র স্মৃতি বিজড়িত মাজার এবং সংলগ্ন দীঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক শ্রেণির দুষ্টু খাদেম ও মাজার পূজারীদের রমরমা ব্যবসা। ধর্মীয় অন্ধত্ব এবং বন্যপ্রাণীকে পুঁজি করে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার এক ভয়ঙ্কর চিত্র এখন বাগেরহাটে দৃশ্যমান।
ইতিহাস বনাম বর্তমান: 'কালাপাহাড়-ধোলাপাহাড়' থেকে ভারতের হিংস্র ক্রোকোডাইল।
লোকগাথা ও ইতিহাস থেকে জানা যায়, হযরত খান জাহান আলী (রহ.)-এর সময়ে এই দীঘিতে ‘কালা পাহাড়’ এবং ‘ধলা পাহাড়’ নামে দুটি অলৌকিক বা জিন প্রজাতির মিঠা পানির কুমির ছিল। শত শত বছর ধরে তারা এই দীঘিতে অবস্থান করলেও কোনোদিন কোনো মানুষকে আক্রমণ করেনি, কারও প্রাণহানি ঘটায়নি। মানুষ নির্বিঘ্নে সেই দীঘির ঘাটে ওযু করেছে, গোসল করেছে।
কিন্তু সেই ঐতিহাসিক ও শান্ত স্বভাবের আদি কুমির গুলো বহু আগেই মারা গেছে। বর্তমানে দীঘিতে যে কুমির গুলো রয়েছে, তাদের ইতিহাস সম্পূর্ণ ভিন্ন। বিগত সরকারের আমলে ভারতের একটি লবণাক্ত পানির ক্রোকোডাইল ফার্ম (Crocodile Farm) থেকে উপহার হিসেবে এই কুমির গুলো বাংলাদেশে আনা হয় এবং এই দীঘিতে ছাড়া হয়। প্রাকৃতিক ভাবেই এই নোনা পানির কুমি রগুলো অত্যন্ত আক্রমণাত্মক এবং হিংস্র স্বভাবের। যে বন্য ও হিংস্র প্রাণীর আবাসস্থল হওয়ার কথা ছিল সুন্দরবনের গহীনে, তাকে এনে ছেড়ে দেওয়া হয়েছে এক জনাকীর্ণ আধ্যাত্মিক দীঘিতে, যেখানে প্রতিদিন হাজারো মানুষ ওযু-গোসল করতে নামেন।
ওযু-গোসলের ঘাটে মৃত্যুর ফাঁদ: এ পর্যন্ত ১৩ জনেরও বেশি প্রাণহানি
ইতিমধ্যেই এই হিংস্র কুমিরগুলোর আক্রমণে ১৩ জনেরও বেশি বয়স্ক মানুষ ও অবুঝ শিশু প্রাণ হারিয়েছে। অতি সম্প্রতি ফাতেমা নামের এক অসহায় তরুণীকে মহিলা ঘাট থেকে টেনে নিয়ে গেছে কুমির। মহিলা ঘাটে সন্ধ্যার পর আলো ও মানুষের যাতায়াত কম থাকার সুযোগ নিয়ে এই দুর্ঘটনা ঘটে। ফাতেমার মা একজন মানসিক ভারসাম্যহীন নারী, যিনি মাজার ও দীঘির আশেপাশেই থাকতেন। এই মর্মান্তিক ঘটনা পুরো এলাকার মানুষকে স্তব্ধ ও ব্যথিত করেছে। কিন্তু এতগুলো মৃত্যুর পরও মাজারের দুষ্টু খাদেম ও একশ্রেণির স্বার্থান্বেষী মহলের কুমির নিয়ে বাণিজ্য থামেনি।
মুরগি-ছাগল থেকে ‘ভিউ’ ব্যবসা: খাদেমদের নতুন ফাঁদ
অভিযোগ রয়েছে, প্রশাসন ও স্থানীয় কিছু প্রভাবশালী নেতার পরোক্ষ সহযোগিতায় এই কুমির গুলোকে কেন্দ্র করে মাজারের ভেতর এক রমরমা ব্যবসা চলে।
দর্শনার্থীদের বাধ্য করা হয় কুমিরের মানত হিসেবে চড়া দামে মুরগি বা ছাগল কিনতে।
এখানেই শেষ নয়, বর্তমানে যুক্ত হয়েছে আধুনিক ‘ভিউ’ বা সামাজিক মাধ্যমের সস্তা ব্যবসা। টিকটক, রিলস বা ভিডিওর ভিউ বাড়ানোর জন্য মাংসের লোভ দেখিয়ে কুমিরকে ঘাটের কাছে আনা হয়, কুমির নিয়ে বিপজ্জনক খেলা দেখানো হয় এবং কুমিরের খুব কাছে গিয়ে ‘টাস’ করে ছবি বা সেলফি তোলা হয়। এই ক্রমাগত উত্যক্তকরণ এবং খাবারের লোভ দেখানোর কারণে কুমির গুলো এখন সার্বক্ষণিক ঘাটের আশেপাশেই ওত পেতে থাকে। ফলে সাধারণ মানুষ ও দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মাজারের ভেতরের ভিন্ন কায়দা ও ধর্মীয় বিকৃতি
ইসলামী শরিয়ত অনুযায়ী, একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের কবর জিয়ারত করা অত্যন্ত সওয়াবের কাজ। কিন্তু খান জাহান আলীর মাজারে জিয়ারত করতে গিয়ে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন ও বিকৃত এক পদ্ধতি। পীর সাহেবের কবরের মাথার অংশটি কালো চাদর দিয়ে ঘেরা থাকে। দেখা যায়, একদল শিক্ষিত মানুষও চাদরের নিচে মাথা ঢুকিয়ে পাথরে কপাল ঠেকিয়ে মৃত মানুষের কাছে মনের আশা পূরণ করতে চাইছে!
অথচ সাধারণ বিবেক ও ধর্মীয় জ্ঞান সম্পন্ন যে কেউই বোঝেন—একটা মৃত মানুষ, তিনি যত বড় পীরই হোন না কেন, কখনো জীবিত মানুষের চাওয়া-পাওয়া পূরণ করতে পারেন না। মানুষের মনের আশা পূরণ করার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। অথচ খাদেমরা সাধারণ মানুষকে বোঝায় যে, আল্লাহ নাকি এই মরা ব্যক্তির মাধ্যমে মনের আশা পূরণ করেন—যা স্পষ্ট ভণ্ডামি ও ধর্মীয় বাণিজ্যের অংশ।
সাধারণ মানুষের দাবি: দীঘি হোক কুমির মুক্ত
বাগেরহাট ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষের এখন একটাই জোর দাবি—ধর্ম নিয়ে এই অন্ধত্ব, মাজার পূজারীদের ব্যবসা এবং দুষ্টু খাদেমদের কুমির বাণিজ্য অবিলম্বে বন্ধ হোক। যে দীঘিতে মানুষ ওযু করে, নামাজ পড়তে যায়, সেখানে এমন হিংস্র প্রাণী রাখার কোনো যৌক্তিক প্রয়োজন নেই।
অবিলম্বে প্রশাসনকে উদ্যোগী হয়ে এই হিংস্র কুমির গুলোকে দীঘি থেকে নিরাপদে অপসারণ করে সুন্দরবন অঞ্চল অথবা ঢাকা মিরপুর চিড়িয়াখানায় স্থানান্তর করতে হবে। বাগেরহাট সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ যেন কোনো ভয়-ভীতি ছাড়া, নিরাপদে খান জাহান আলী মাজারের দীঘিতে ওযু ও গোসল করতে পারেন—তা নিশ্চিত করাই এখন সময়ের সব চেয়ে বড় দাবি।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||