মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

খুলনা নগরীর লবণচরা থানাধীন মাথাভাঙ্গার কাজীপাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে রফিক গাজী নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রফিক গাজী ওই এলাকার রতন গাজীর ছেলে।
রফিক গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রফিক গাজী বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি দোকানে বসে ছিলেন। এ সময় হেলমেট পরিহিত এক যুবক মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, সন্ত্রাস দমনে খুলনায় যৌথ অভিযান চললেও সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে দিনের বেলায় মানুষের ওপর হামলা চালিয়ে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এতে জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বেড়েছে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোশারেফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ঘটনাস্থলের আশপাশের সব দোকানপাট বন্ধ পাওয়া যায় এবং হত্যাকাণ্ড সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে রাজি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||