মো: আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

দেশজুড়ে অপরাধ ও সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ সমন্বয় জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর (পিএইচকিউ)। এর অংশ হিসেবে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটির অধীনে অন্তত আটটি উপকমিটি গঠন করা হয়েছে। এসব উপকমিটি সংগঠিত অপরাধ, সাইবার অপরাধ, মাদক ব্যবসা দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, সীমান্ত নিরাপত্তা, প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং কমিউনিটি পুলিশিংসহ বিভিন্ন বিষয়ে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ করবে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, উপকমিটি গুলো ইতোমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে।
তিনি বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাঠপর্যায়ের প্রধান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা, অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে এসব উপকমিটিকে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার ও সীমান্ত নিরাপত্তা জোরদার করাও তাদের অগ্রাধিকার তালিকায় রয়েছে।
এ উদ্যোগ এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন দেশব্যাপী একের পর এক সহিংস ঘটনার কারণে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় অপরাধী চক্রের হত্যাকাণ্ড, ছিনতাই, অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা এবং গণপিটুনির মতো ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত শুধু ঢাকা মহানগরীতেই ৫৯৭টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে ১১টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে অপরাধী চক্রগুলোর নিজেদের মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে। নিহতদের মধ্যে চারজন ছিলেন তালিকাভুক্ত শীর্ষ অপরাধী।
গত ফেব্রুয়ারি মাসে দায়িত্ব নেওয়ার পর বিএনপি সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছিল। তবে তিন মাস পেরিয়ে গেলেও পরিস্থিতি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।
পিএইচকিউর তথ্য অনুযায়ী, গত তিন মাসে দেশজুড়ে ৯১৫টি হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ৯৯৩টি। এর মধ্যে ২২৬টি মামলা ছিল আগের ঘটনার জেরে দায়ের করা।
গত ১২ জুন রাজধানীর রামপুরা এলাকায় শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান ওরফে কাইল্লা পলাশকে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও মূল হামলাকারী এখনো পলাতক।
এর আগে ২৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের কাছে সশস্ত্র হামলাকারীদের গুলিতে নিহত হন আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। ঘটনার দেড় মাস পার হলেও হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন কিংবা কাউকে গ্রেপ্তার করতে পারেননি তদন্তকারীরা।
এসব বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলার মূল চ্যালেঞ্জগুলো পর্যালোচনা এবং পুলিশের সক্ষমতা বাড়ানোর বিষয়ে আমরা একটি বৈঠক করেছি।"
তিনি আরও বলেন, পুলিশের পেশাদারিত্ব বাড়াতে কিছু সুপারিশ তৈরির কাজ চলছে। চূড়ান্ত হওয়ার পর তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
তবে উপকমিটিগুলোর সুনির্দিষ্ট কার্যক্রম নিয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
পুলিশ সদর দপ্তরের ক্রাইম ম্যানেজমেন্ট ডিভিশনের ডিআইজি আবু সুফিয়ানের নেতৃত্বে গঠিত সাত সদস্যের একটি উপকমিটি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংগঠিত অপরাধী চক্র এবং গ্যাংগুলোর কর্মকাণ্ড পর্যালোচনা করছে। গত ২২ জুন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের জনবল বৃদ্ধি এবং অপারেশনাল সক্ষমতা বাড়ানোর সুপারিশ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে আরেকটি উপকমিটিকে।
সাইবার অপরাধ, অনলাইন জালিয়াতি এবং ডিজিটাল হয়রানি প্রতিরোধে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ডিআইজির নেতৃত্বে পৃথক একটি উপকমিটি গঠন করা হয়েছে। এ কমিটি সাইবার ও আর্থিক অপরাধ তদন্তে আধুনিক ফরেনসিক প্রযুক্তির ব্যবহার এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সুপারিশ করবে।
কমিটির এক সদস্য জানিয়েছেন, তারা ইতোমধ্যে পুরোদমে কাজ শুরু করেছেন।
রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাসবাদ, উগ্রবাদ এবং বৃহৎ পরিসরের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কীকরণ ব্যবস্থা ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচ সদস্যের আরেকটি উপকমিটিকে।
প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা চালুর লক্ষ্যে ছয় সদস্যের একটি কমিটি স্মার্ট ট্র্যাকিং সিস্টেম, বডি-ওর্ন ক্যামেরা, অনলাইন জিডি এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়ে সুপারিশ করবে।
এ ছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের কৌশল নির্ধারণে পৃথক একটি উপকমিটি কাজ করছে।
মানবাধিকার, জবাবদিহিতা ও নৈতিকতাকে গুরুত্ব দিয়ে আধুনিক প্রশিক্ষণ কাঠামো প্রণয়ন এবং পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সমন্বয় জোরদারে কমিউনিটি পুলিশিং কার্যক্রম শক্তিশালী করতে আরও দুটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে (এসবি) দেশের গোয়েন্দা নেটওয়ার্ক এবং তথ্য আদান-প্রদান ব্যবস্থা আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির কৌশল নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাবেক আইজিপি আশরাফুল হুদা গনমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়মিত তাদের কার্যক্রম ও কৌশল পর্যালোচনা করতে হয়। কোথায় উন্নতির সুযোগ রয়েছে এবং কীভাবে অভিযান আরও কার্যকর করা যায়, তা নিয়মিত মূল্যায়ন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা বিবেচনায় নিয়ে বিষয়গুলো নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||