মো. আল মাসুম খান, চীফ ক্রাইম রিপোর্টার :

বাংলাদেশের অর্থনীতি ধীর গতির প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে মন্দা এবং ব্যাংকিং খাতের ক্রমবর্ধমান ঝুঁকির মুখে পড়েছে। এ পরিস্থিতিকে ‘অর্থনৈতিক জরুরি অবস্থা’ হিসেবে উল্লেখ করে সংকটের ভয়াবহতা স্বীকার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পানাম ইনস্টিটিউটের অর্থনীতিবিদ জ্যোতি রহমান।
মঙ্গলবার সাপ্তাহিক কাউন্টারপয়েন্ট-এ প্রকাশিত ‘এ স্টেট অব ইকোনমিক ইমার্জেন্সি’ শীর্ষক নিবন্ধে তিনি এ সতর্ক বার্তা দেন। তাঁর মতে, কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে দুর্বল বিনিয়োগ, স্থবির প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির পরিস্থিতিতে আটকে পড়তে পারে।
নিবন্ধে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতির কারণে আন্তর্জাতিক ঋন দাতা সংস্থা গুলো ধারাবাহিক ভাবে প্রবৃদ্ধির পূর্বাভাস কমাচ্ছে। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৭ শতাংশ থেকে কমিয়ে ৩ দশমিক ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একইভাবে ২০২৮ অর্থ বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ দশমিক ৬ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ২ শতাংশ করা হয়েছে। সংস্থাটির ধারণা, আগামী দশকেও বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে থাকতে পারে।
বিশ্ব ব্যাংকও বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ অর্থ বছরে প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৬ শতাংশ থেকে কমিয়ে ৩ দশমিক ৪ শতাংশ এবং ২০২৮ অর্থ বছরে ৫ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ দশমিক ৯ শতাংশ করা হয়েছে।
এদিকে, ২০২৭ অর্থ বছরে বাংলাদেশের মূল্যস্ফীতির পূর্বাভাস ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ দশমিক ৯ শতাংশ করেছে আইএমএফ। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০৩১ অর্থ বছরের আগে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশে নেমে আসার সম্ভাবনা নেই। এতে সাধারণ মানুষের জীবন যাত্রার ব্যয় ও ক্রয় ক্ষমতা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতিও উদ্বেগজনক। বিশ্ব ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ অর্থ বছরে মোট বিনিয়োগ ০ দশমিক ৫ শতাংশ সংকুচিত হতে পারে। ২০২৭ ও ২০২৮ অর্থ বছরে বিনিয়োগের প্রবৃদ্ধি যথাক্রমে ০ দশমিক ৩ শতাংশ ও ১ শতাংশ হতে পারে।
দারিদ্র্যের পূর্বাভাসেও অবনতি দেখা যাচ্ছে। বিশ্বব্যাংক এর আগে ধারণা করেছিল, ২০২৫ অর্থবছরে দারিদ্র্যের হার ২০ দশমিক ৫ শতাংশ থেকে কমে ২০২৮ অর্থবছরে ১৯ দশমিক ৩ শতাংশে দাঁড়াবে। তবে সর্বশেষ পূর্বাভাসে ২০২৬ অর্থ বছরে দারিদ্র্যের হার ২২ দশমিক ৫ শতাংশ এবং ২০২৮ অর্থবছরে ২২ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে জানানো হয়েছে।
সরকারের রাজস্ব আয় নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, চলতি দশকের শেষ পর্যন্ত বাংলাদেশের রাজস্ব আয় জিডিপির প্রায় ৮ শতাংশে সীমাবদ্ধ থাকতে পারে। এর আগে সংস্থাটি এ হার ১১ দশমিক ৫ শতাংশের কাছাকাছি হবে বলে ধারণা করেছিল।
একই সঙ্গে সরকারের সুদ পরিশোধের ব্যয় বাড়ছে। ২০২৫ অর্থবছরে মোট রাজস্ব আয়ের ২৭ দশমিক ৫ শতাংশ সুদ পরিশোধে ব্যয় হলেও ২০৩১ অর্থ বছরে তা প্রায় ৪০ শতাংশে পৌঁছাতে পারে। এতে সরকারের উন্নয়ন ব্যয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে অর্থ বরাদ্দের ওপর চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।
জ্যোতি রহমানের মতে, বাংলাদেশের অর্থনৈতিক সংকটের জন্য শুধু মধ্যপ্রাচ্যের সংঘাত দায়ী নয়। দুর্বল ব্যাংকিং ব্যবস্থা, করপোরেট প্রতিষ্ঠান গুলোর আর্থিক সংকট, বিনিয়োগ হ্রাস ও নীতিগত অনিশ্চয়তাও অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, প্রবৃদ্ধির ধীরগতি ও দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা কমছে। একই সঙ্গে প্রকৃত মজুরি হ্রাস এবং শ্রম বাজারে অংশ গ্রহণ কমে যাওয়ার বিষয়টিও অর্থনীতির জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে।
জ্যোতি রহমানের মতে, বিনিয়োগে মন্দা অব্যাহত থাকলে প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও সরকারের রাজস্ব আয়—এই তিনটি ক্ষেত্রই ক্ষতিগ্রস্ত হবে। ব্যাংক গুলোর আর্থিক দুর্বলতা বাড়ায় ঋণ বিতরণ বাধা গ্রস্ত হচ্ছে। অন্যদিকে, অতিরিক্ত ঋণের চাপে থাকা ব্যবসা প্রতিষ্ঠান গুলোর বিনিয়োগ সক্ষমতাও কমছে।
শুধু মুদ্রানীতি শিথিল করা কিংবা সাময়িক ঋণসহায়তা দিয়ে এ সংকটের সমাধান সম্ভব নয় বলে মনে করেন তিনি। তাঁর মতে, অর্থনীতিকে পুনরুদ্ধারের পথে ফিরিয়ে আনতে হলে আর্থিক খাতের দুর্বলতা দূর করা এবং বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি।
অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যাংক ও করপোরেট প্রতিষ্ঠানের পুনর্গঠন, সতর্ক রাজস্বনীতি, বিনিময় হার ব্যবস্থাপনায় ধারাবাহিকতা, ভর্তুকি সংস্কার এবং ঝুঁকিতে থাকা পরিবার গুলোর জন্য লক্ষ্য ভিত্তিক সহায়তার সুপারিশ করেছেন জ্যোতি রহমান।
তাঁর মতে, সংস্কার কার্যক্রম সফল হলেও দশকের শেষ হওয়ার আগে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি ফিরিয়ে আনা কঠিন হতে পারে। তাই অর্থনৈতিক সংকটের ব্যাপকতা প্রকাশ্যে স্বীকার করা, ব্যাংকিং খাতের ক্ষতির হিসাব প্রকাশ এবং ব্যয় সংকোচন নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা শুরুর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সামগ্রিক ভাবে, বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও কার্যকর নীতিগত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন এই অর্থনীতিবিদ। তাঁর সতর্কবার্তা অনুযায়ী, সংকটের গভীরতা যথাযথ ভাবে মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা না গেলে দেশের প্রবৃদ্ধি, বিনিয়োগ, কর্মসংস্থান ও সাধারণ মানুষের জীবন যাত্রার ওপর দীর্ঘমেয়াদি চাপ অব্যাহত থাকতে পারে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||