
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় আটক তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের মায়ের ব্যবহৃত আইফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা কোটবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মফিজ উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় তুহিনের বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের মায়ের আইফোনটি উদ্ধার করা হয়। পরে তুহিনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম নামে আরও দুজনকে আটক করা হয়। আটক তিনজনের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
পুলিশ কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইয়া জানান, শুক্রবার বিকেল থেকে অপ্রতিম নিখোঁজ ছিল। শনিবার বিকেল ৩টার দিকে তুহিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর আনাস ও ফাহিমকে আটক করা হয়।
এর আগে শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় অপ্রতিমের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি কোটবাড়ী-গন্ধমতী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
অপ্রতিমের নিখোঁজ ও পরে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ বলছে, ঘটনাটির সঙ্গে আটক ব্যক্তিদের সম্পৃক্ততা এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে আইফোনটি কীভাবে তুহিনের বাড়িতে গেল এবং অপ্রতিমের মৃত্যুর সঙ্গে আটক ব্যক্তিদের কী ধরনের সম্পৃক্ততা রয়েছে—এসব বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||