চা্ঁদপুর জেলা প্রতিবেদক :

চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল ফোনে সাইবার অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। রোববার রাতে শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—সোনাপুর দিঘীর পাড় এলাকার সোহেল মিয়ার ছেলে নাহিদুল ইসলাম (২০), মসজিদ বাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে সামীম (৩০) এবং চৌকিদার বাড়ি এলাকার বিল্লাল হোসেনের ছেলে পারভেজ হোসেন শুভ (২০)।
পুলিশ জানায়, রোববার রাতে সোনাপুর গ্রামের শাহ আলম মেম্বারের বাড়ির পূর্ব পাশে সেতুর ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোবাইল ফোনে সাইবার অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলার অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়।
শাহরাস্তি মডেল থানা পুলিশ আরও জানায়, এ ঘটনায় সোমবার সকালে আটক তিনজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে থানায় মামলা করা হয়েছে। পরে সোমবার দুপুরে তাদের চাঁদপুরের আদালতে সোপর্দ করা হয়।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “সাইবার অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়ার মাধ্যমে তরুণদের মধ্যে অপরাধপ্রবণতা ও আর্থিক ক্ষতির ঝুঁকি বাড়ছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : এ জেড. আমিনুজ্জামান রিপন || সহকারী সম্পাদক : এম,এম, মুশফিকুর রহমান (ইরান) ||
বার্তা সম্পাদক : আবিদুর রহমান (নাহিয়ান) ||